পুলিশ কর্মকর্তাকে দুইবার দুই রকমের টিকা!

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় পুলিশের এক উপ-পরিদর্শককে প্রথম ডোজে অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হলেও, দ্বিতীয় ডোজে দেওয়া হয়েছে সিনোফার্মের টিকা। এ ঘটনায় স্বাস্থ্যকর্মীর অবহেলাকেই দায়ী করেছেন পুলিশ সদস্য।

শনিবার (১৪ আগস্ট) বেলা সাড়ে ১১টায় আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রে এ ঘটনা ঘটেছে। পুলিশের উপ-পরিদর্শকের নাম বিদ্যুৎ কুমার দাশ। তিনি উপজেলার কাকাইলছেও নৌ পুলিশ ফাঁড়িতে কর্মরত।

এসআই বিদ্যুৎ কুমার দাশ জানান, গত ১১ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নিতে গেলে তাকে অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ডের প্রথম ডোজ দেওয়া হয়েছিল। এরপর অ্যাস্ট্রাজেনেকার টিকার সংকট দেখা দিলে নির্দিষ্ট সময়ে তিনি দ্বিতীয় ডোজ নিতে পারেননি। সম্প্রতি এই টিকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছার পর এসএমএস পেয়ে আজ শনিবার সকালে তিনি টিকা নিতে গিয়েছিলেন। সেখানে কর্তব্যরত স্বাস্থ্যকর্মী জ্যোৎস্না বিশ্বাসকে তিনি অ্যাস্ট্রাজেনেকার টিকা দিতে বলেন। কিন্তু স্বাস্থ্যকর্মী তাকে দিয়ে দেন সিনেফার্মের টিকা।


এরপর এসআই বিদ্যুৎ দুশ্চিন্তায় পড়ে গেলে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা এসে তাকে আশ্বাস্থ্য করেন এবং পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে দ্রুত যোগাযোগের জন্য বলেন। এসআই বিদ্যুৎ এখন নৌ পুলিশ ফাঁড়িতে অবস্থান করছেন।

আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মনির হোসেন বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে টিকা নেওয়া ব্যক্তির কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হবে কি না, সে ব্যাপারে এখনই বলা যাচ্ছে না। কোনো সমস্যা হলে তাৎক্ষণিক তাকে জানানোর জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: মেসিকে হারিয়ে নতুন রাজা খুঁজছে বার্সেলোনা

এ বিষয়ে হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জ্বল বলেন, এক ব্যক্তিকে দুই রকমের দুই ডোজ টিকা দেওয়ার নির্দেশনা দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ওই ব্যক্তির কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে কি না সে বিষয়টিও জানা নেই। খোঁজ নিয়ে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে।


একাত্তর/আরবিএস