তাহিরপুরে ধর্ষণের শিকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর তরুণী

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে হতদরিদ্র পিতার বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার হয়েছেন হাজং জাতিগোষ্ঠীর সদ্য বিবাহিত এক তরুণী। 

শনিবার (১৪ আগস্ট) সকালে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রাজাই গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ধর্ষক একই গ্রামের আবুল কালামের পুত্র আব্দুর রশিদ পালিয়ে গেছেন। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। তবে ঘটনাটি ধামাচাপা দিতে প্রভাবশালী একটি গোষ্ঠী তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা। 

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজাই গ্রামের হাজং পরিবারের হতদরিদ্র শ্রমিকের কন্যা কয়েকদিন আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি বেড়াতে আসেন। শনিবার সকালে বাড়ি থেকে সে রাজাই গ্রামের পাহাড়ি ছড়ায় (নালা) গোসল করতে যান। এ সময় একই গ্রামের আবুল কালামের ছেলে আব্দুর রশিদ তাকে একা পেয়ে ধর্ষণ করে। পরে দুপুরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। 

আরও পড়ুন: তালেবানের ডাকে ঘর ছেড়েছে কিছু বাংলাদেশি: ডিএমপি কমিশনার

ইউপি সদস্য সুষমা জাম্বিল বলেন, শনিবার সকালে গোসল করতে গিয়ে হাজং গৃহিণী নির্যাতিত হন। এ ঘটনায় আমাদের কমিউনিটির সবাই ক্ষুদ্ধ। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকেও বিষয়টি জানানো হয়েছে। তরুণীর পরিবার খুবই হতদরিদ্র, আইনী সহায়তা চাইবে এমন সামর্থও তাদের নেই।

তাহিরপুর থানার ওসি মো. আব্দুল লতিফ সরদার বলেন, আমি কিছুক্ষণ আগে বিষয়টি শুনেছি। বাদাঘাট ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


একাত্তর/আরবিএস