জনদুর্ভোগ নিরসনের জন্য তাড়াতাড়ি স্থানীয় সরকার নির্বাচন দিন উল্লেখ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, স্থানীয় সরকারের পরেই যৌক্তিক সময় জাতীয় নির্বাচন দিন।
শনিবার বিকেলে চাঁদপুরের হাজীগঞ্জ বিশ্বরোডে জেলা জামায়াত আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন।
শফিকুর রহমান বলেন, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ ও পৌরসভার সেবা দিচ্ছেন প্রশাসকরা। জনগণের প্রতি তাদের কোনো দায় নেই। এই প্রতিষ্ঠানগুলো এখন অভিভাবক শূন্য, জনপ্রতিনিধি ও সেবক শূন্য। তাই আমরা বলছি, জনদুর্ভোগ নিরসনের জন্য তাড়াতাড়ি স্থানীয় সরকার নির্বাচন দিন।
তিনি আরও বলেন, এসব নির্বাচন হলে জনগণের দুর্ভোগ লাঘব হবে। তারপর অবশ্যই যৌক্তিক সময়ে জাতীয় নির্বাচন দিতে হবে। তবে জাতীয় নির্বাচনের আগে মৌলিক কিছু সংস্কার জনগণ চায়।
এসময় বিএনপিকে ইঙ্গিত করে জামায়াত আমির বলেন, আমরা আপনাদের বিনয়ের সাথে বলবো আপনারাও মজলুম ছিলেন, আমরাও মজলুম ছিলাম। এমন কোনো কাজ করবেন না, যা করলে আমাদের শহীদদের আত্মা কষ্ট পাবে। যা করলে অসংখ্য আহত পঙ্গুরা অপমানিত হবে এবং মজলুম মানুষের মনে ক্ষোভের আগুন জ্বলে উঠবে।
পথসভায় জেলা জামায়াতের নায়েবে আমির মাসুদুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে ও জেলা জামায়াতের সেক্রেটারি সাবেক ভাইস চেয়ারম্যান শাহজাহান মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন- ঢাকা মহানগর দক্ষিণ সহকারী সেক্রেটারি কামাল উদ্দিন, জেলার সাবেক আমির মাওলানা আবদুর রহিম পাটওয়ারী।