চাঁদপুরে গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ গৃহবধূর মৃত্যু

চাঁদপুরের শহরের কোড়ালিয়ায় গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ গৃহবধূ খাদিজা আক্তার (৩২) মারা গেছেন। 

শুক্রবার দুপুরে ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

একই ঘটনায় আহত ইমাম হোসেন সরদারের স্ত্রী খাদিজা। মাইমুনা আক্তার মুনা (৮) ও মাইদুল ইসলাম খালিদ (৩) নামে দুই সন্তান রয়েছে এ দম্পতির। খাদিজার মৃত্যুর এ তথ্য নিশ্চিত করেন ইমাম হোসেন সরদারের ফুফাতো ভাই মাহমুদুল হাসান জীবন।

তিনি বলেন, গত ৯ মার্চ সেহরির সময় শহরের কোড়ালিয়া এলাকায় আমার মামার বাড়িতে গ্যাস লাইন থেকে বিস্ফোরণে পরিবারের ছয়জন দগ্ধ হন। পর্যায়ক্রমে সকলকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেয়া হয়। সেখানে আহতদের মধ্যে মামাতো ভাই ইমাম হোসেনের স্ত্রী খাদিজার অবস্থা বেশি আশঙ্কাজনক ছিলেন। মূলত গ্যাসের চুলা তিনি জ্বালাতে গিয়েছিলেন। পাঁচদিন চিকিৎসারত থেকে তিনি মারা যান। তার মৃত্যুতে পরিবারের অন্য সদস্যরা আরও অসুস্থ হয়ে পড়েছেন।

গ্যাস লাইন বিস্ফোরণের ঘটনায় গত ৯ মার্চ অগ্নিদগ্ধ হন- আব্দুর রহমান সরদার (৭০), তার স্ত্রী শাহানুর বেগম (৬০), বড় ছেলে ইমাম হোসেন সরদার (৪০), বড় ছেলের স্ত্রী খাদিজা আক্তার (৩২), মেজ ছেলের বৌ নিপা আক্তার (২৬) ও ছোট ছেলে মহিন (১৮)। 

একই পরিবারের দগ্ধ পাঁচজন বর্তমানে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।