তারেক রহমানের চেয়ে ভালো প্রস্তাব ৫৪ বছরে কোনো দল দিতে পারেনি: বুলু

আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হবে। নির্বাচনের প্রস্ততি নেয়ার জন্য বিএনপি চেয়ারপারর্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন উল্লেখ করে দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, তার আগে রাষ্ট্র মেরামত ও রাষ্ট্র সংস্কারে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করে তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন, এর চেয়ে ভালো কোনো প্রস্তাব গত ৫৪ বছরে কোনো রাজনৈতিক দল দিতে পারেনি।

তিনি আরও বলেন, জাতিসত্তার সংকটে দেশের বরেণ্য ব্যক্তিদের অনুরোধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি গঠন করেছিলেন। তার আমলে শিক্ষা সাংস্কৃতিসহ বেসরকারি উন্নয়নের সূচকের অগ্রগতি হয়েছিলো। যার কারণে দেশের প্রতিটি ঘর থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানকে বিচ্ছিন্ন করা যাবে না। এখনও ভোট হলে বিএনপি শতকরা সত্তর ভাগ ভোট পাবে।

বুধবার বিকেলে নোয়াখালীর বেগমগঞ্জের শরীফপুরে নছিমা আলম উচ্চ বিদ্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবারে তিনি এসব কথা বলেন।

বুলু বলেন, ১৯৯০ সালে গণঅভ্যুত্থানের সময়ও সেনাবাহিনী গণতন্ত্রের পাশে দাঁড়িয়েছে। ৫ আগস্টও সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে। জেনারেল নুর উদ্দিন যেমন গণতন্ত্রের পাশে দাঁড়িয়েছেন, ৫ আগস্টের পর শেখ হাসিনাকে ভারতে তার মাতৃভূমিতে পাঠিয়ে বাংলাদেশকে রক্ষা করেছেন জেনারেল ওয়াকার-উজ-জামান। কিন্তু কিছু নাবালক ও অর্বাচীন বালক সেনাবাহিনী নিয়ে নানা ধরনের ধৃষ্টতা দেখাচ্ছেন। সেনাবাহিনী সৃষ্টি হয়েছিলো মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে। কিছু রাজনৈতিক নেতাসহ শেখ মুজিব সে দিন ব্যর্থ হয়েছিলেন স্বাধীনতার ঘোষণা দিতে কিন্তু একজন তরুণ মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন।

তিনি আরও বলেন, যারা একাত্তরকে অস্বীকার করেন, মুক্তিযুদ্ধের সেনাবাহিনী ও ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে মহান স্বাধীনতাকে অস্বীকার করেন তাদের এ দেশে ভোট চাওয়ার অধিকার নেই।

দলের ভাইস চেয়ারম্যান বলেন, আজকে তারেক রহমান বলেছেন, বিএনপি যদি ২৮০টি আসনও পায়, বিএনপি এককভাবে রাষ্ট্র ক্ষমতায় যাবে না। কারণ শেখ হাসিনা বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। যার কারণে বিএনপি নির্বাচিত হলে সর্বদলীয় সরকার গঠন করবে। 

বিদ্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে ডা. এম মুক্তার হোসেনের সভাপতিত্বে ও শরীফপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহীনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় বিএনপির সদস্য মাইন উদ্দিন তিতাস,  জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকী, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাখ্যা চন্দ্র দাস, সাধারণ সম্পাদক মাহফুজুল হক আবেদসহ অনেকেই বক্তব্য রাখেন।