রাঙামাটি শহরের উপজেলা পরিষদের সামনে অবস্থিত শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলা হচ্ছে।
শুক্রবার (১৬ মে) বিকেল থেকে ফ্যাসিবাদবিরোধী ছাত্র জনতার ব্যানারে একদল মানুষ ভাস্কর্যটি ভাঙতে শুরু করেন। এর আগে শেখ মুজিবর রহমানের ভাস্কর্য অপসারণ চেয়ে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন বিক্ষোভকারীরা।
এদিন বিকেলে শহরের ভেদভেদী বাজার থেকে ‘মার্চ ফর ফ্যাসিবাদী আইকন’ কর্মসূচি শুরু করেন বিক্ষোভকারীরা। মিছিলটি সার্ভার স্টেশনের সামনে এসে তিন ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করে।
এসময় প্রশাসনের কোনো প্রতিক্রিয়া না পেয়ে নিজেরাই শেখ মুজিবর রহমানের ভাস্কর্য ভাঙার কাজ শুরু করেন বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা।
শুরুতে লোহার রড, হাতুড়ি দিয়ে ভাস্কর্য ভাঙার কাজ শুরু হলেও পরে ড্রিল মেশিনও ব্যবহার করেন তারা।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সার্চ কমিটির সদস্য ইমাম হোসাইন ইমু গণমাধ্যম বলেন, সারাদেশের কোথাও ফ্যাসিবাদীর মূর্তি বা ভাস্কর্য নেই, কিন্তু আমাদের রাঙামাটিতে রয়ে গেছে। এই ভাস্কর্য অপসারণের জন্য আমরা দীর্ঘ ৯ মাস প্রশাসনকে অনুরোধ করেছি, কথা বলেছি। কিন্তু তারা বারবার আশ্বাস দিলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। গত ৩ দিন আগেও আমরা প্রশাসনকে এই ফ্যাসিবাদের মূর্তি অপসারণের জন্য ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলাম, কিন্তু তাদের নির্লিপ্ততার কারণে আজ রাঙামাটির আপামর ছাত্র-জনতা নিজেই এই মূর্তি অপসারণের কাজ শুরু করেছে।