ব্যবসায়ীর দাড়ি ধরে হেনস্তা-মারধর, একজন গ্রেপ্তার

মানিকগঞ্জের ঘিওরে ব্যবসায়ী আলী আজমের দাড়ি ধরে হেনস্তা ও মারধরের ঘটনায় অভিযুক্ত নাসিম ভূইয়াকে ঢাকার আশুলিয়া থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

শুক্রবার (২৭ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার ইয়াসমিন আক্তার। 

তিনি জানান, ঘটনার পর থেকে জেলা পুলিশের একাধিক টিম আসামিকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালায়। শুক্রবার ভোরের দিকে ঢাকার আশুলিয়া এলাকার নিম্চিন্তপুর থেকে তাকে আটক করে মানিকগঞ্জের গোয়েন্দা পুলিশ। 

পুলিশ সুপার আরও জানান, গত সোমবার (২৩ জুন) সন্ধ্যায় মানিকগঞ্জের ঘিওরে 'মানিক কম্পিউটার' এর মালিক আলী আজমের সঙ্গে নাসিম ভূইয়ার কথা-কাটাকাটির এক পর্যায়ে নাসিম ভূইয়া আলী আজম মানিকের মুখের দাড়ি ধরে টানাটানিসহ মারধর করেন।

এই ঘটনায় ভুক্তভোগী ঘিওর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের পর থেকে আসামি নাসির ভূইয়া পলাতক ছিলেন।   

আটক নাসিম ভূইয়া ঘিওর উপজেলা সদর ইউনিয়নের মোশাররফ হোসেন ওরফে বাচ্চু ভূইয়ার ছেলে।