এবার সিলেটে জৈন্তাপুর থেকে প্রকাশ্যে লুট হচ্ছে পাথর

সাদা পাথরের পর এবার এবার প্রকাশ্যে পাথর লুট হচ্ছে সিলেটের জৈন্তাপুরের রাংপানি এলাকার। এলাকার লোকজন জানান, প্রকাশ্যে নৌকা ভরে পাথর নিয়ে যাওয়া হচ্ছে। আর পর্যটকরা এর প্রতিবাদ করলে ক্ষিপ্ত হচ্ছে লুটকারীরা। এদিকে প্রশাসন জানিয়েছে, পাথর আর প্রকৃতি রক্ষায় সব চেষ্টা করে যাচ্ছে।  

সিলেটের অন্যতম সুন্দর পর্যটন এলাকা জৈন্তাপুর উপজেলার শ্রীপুরের রাংপানি। পাথরের উপর পানির স্রোত আর পাহাড় সবুজের মিলনমেলা দেখার জায়গা এই রাংপানি।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সাদাপাথর আর জাফলং রক্ষায় যখন সবাই ব্যস্ত, তখন ছোট নৌকা করে রাংপানি থেকে পাথর, বিশেষ করে মূল্যবান সাদা পাথর নিয়ে যাচ্ছে কিছু লোক।

সাদা পাথর নিয়ে যাওয়ার সময় পর্যটক বা পরিবেশকর্মীদের কেউ প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে ওঠেন লুটেরা। পর্যটকদের অভিযোগ, এই লুটের দায় প্রশাসনের দুর্বলতা এবং পর্যাপ্ত নিরাপত্তার অভাব। 

অন্যদিকে, উপজেলা প্রশাসন বলছে সাদা পাথর এবং প্রাকৃতিক সম্পদ রক্ষায় তারা সব চেষ্টা করছেন । এরই মধ্যে সীমান্ত এলাকায় বিজিবির সহায়তাও চাওয়া হয়েছে।

 
জৈন্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাভনী বলেন, বিষয়টি জানতে পেরে এরি মধ্যে সেখানে অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। 

স্থানীয় পরিবেশকর্মী এবং সচেতন নগরবাসী মনে করেন, যে কোন প্রাকৃতিক সম্পদকে সমান ভাবে গুরুত্ব দিয়ে রক্ষা করা দরকার।