স্বামীর সহযোগিতায় স্ত্রীকে তিনদিন ধরে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার পাঁচ

কুমিল্লার চৌদ্দগ্রামে স্বামীর সহযোগিতায় স্ত্রীকে অন্য পুরুষ দিয়ে তিনদিন ধরে ধর্ষণ করানোর চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। 

এ ঘটনায় ভুক্তভোগী স্ত্রী বাদী হয়ে স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে। 

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হিলাল উদ্দিন আহমেদ বলেন, ওই নারীর কাছ থেকে অভিযোগ পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করি। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মামলায় অভিযোগে বলা হয়, অভিযুক্ত স্বামী নেশাগ্রস্ত হওয়ায় বিয়ের পর থেকেই স্ত্রীর সঙ্গে বনিবনা হচ্ছিলো না। এ কারণে স্ত্রী বাবার বাড়িতে চলে যান। চলতি মাসে প্রথম দিকে উভয় পরিবারের উপস্থিতিতে স্ত্রীকে পুনরায় বাড়ি নিয়ে আসেন স্বামী। গত ১৫ অক্টোবর কুমিল্লা শহরে থাকার কথা বলে অভিযুক্ত স্বামী তাকে নিজের কর্মস্থল একটি ব্রিক ফিল্ডে নিয়ে যান। সেখানে তাদের একটি ঘরে থাকার ব্যবস্থা করা হয়। 

ভুক্তভোগী ওই নারী জানান, ১৬ অক্টোবর রাত ১০টার সময় দুই শ্রমিক রুমে প্রবেশ করে আমার স্বামীর সাথে কিছুক্ষণ আলাপ করে একজন বাইরে চলে যায়। এর কিছুক্ষণ পর আমার স্বামী আমার মুখ চেপে ধরে এবং একজন আমাকে ধর্ষণ করে। চক্ষুলজ্জায় কাউকে কিছু জানাই নাই। ১৮ অক্টোবর রাতে আরও দুইজন রুমে প্রবেশ করলে আবারও আমার স্বামী আমার মুখ চেপে ধরে। সে সময় ওই দুইজন পালাক্রমে ধর্ষণ করে। ২০ অক্টোবর রাতে আমার স্বামীর উপস্থিতিতে আরেকজন ঘুমন্ত অবস্থায় আমাকে ধর্ষণের চেষ্টা করে। এসময় আমি চিৎকার চেঁচামেচি করলে সে পালিয়ে যায়।