খুলনায় বিএনপি কার্যালয়ে গুলি-বোমা হামলা, নিহত এক, গুলিবিদ্ধ দুই

খুলনায় বিএনপির একটি কার্যালয়ে গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের ছোড়া গুলিতে কার্যালয়ে থাকা ইমদাদুল হক নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। আহত হয়েছেন বিএনপির এক নেতাসহ দুইজন। 

রোববার (২ নভেম্বর) রাতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) গেটের পাশে ৩ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। 

স্থানীয়দের বরাত দিয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার শফিকুল ইসলাম জানান, বিএনপি নেতা মামুন শেখ নেতাকর্মীদের সঙ্গে ওই কার্যালয়ে বসেছিলেন। এ সময় দুর্বৃত্তরা হঠাৎ বিএনপি অফিস লক্ষ্য করে দুটি বোমা বিস্ফোরণ ও চার রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। 

তিনি আরও জানান, এতে ওই কার্যালয়ে ব্যক্তিগত কাজে যাওয়া ইমাদুল হক নামে এক মাদ্রাসা শিক্ষক ঘটনাস্থলেই নিহত হন। পরে গুলিবিদ্ধ যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন ও মিজানকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

এ ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন সহকারী পুলিশ কমিশনার।