নির্বাচনী রাজনীতিতে সংঘাত ও তিক্ততার চিরাচরিত রূপ ভেঙে এক অনন্য সৌহার্দ্যের নজির স্থাপন করলেন এনসিপির (উত্তরাঞ্চল) মুখ্য সংগঠক সারজিস আলম এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির। শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্রের যাচাই-বাছাই শেষে এই দুই হেভিওয়েট প্রার্থীকে একসঙ্গে হাসিমুখে গণমাধ্যমের মুখোমুখি হতে দেখা যায়।
পঞ্চগড়-১ আসনে এগারো দলীয় জোটের প্রার্থী সারজিস আলম সাংবাদিকদের বলেন, গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের মানুষের সঙ্গে আমাদের যে দায়বদ্ধতার সম্পর্ক তৈরি হয়েছে, তা সব সময় থাকবে। আমরা পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের ভিত্তিতে নির্বাচনী কার্যক্রম সম্পন্ন করছি। আমাদের রাজনৈতিক দল আলাদা হতে পারে, আদর্শ ভিন্ন হতে পারে; কিন্তু দিন শেষে পঞ্চগড়ের স্বার্থে আমরা সবাই এক।
তিনি আরও উল্লেখ করেন, নির্বাচনী আচরণবিধি মেনে একটি সুস্থ প্রতিযোগিতার পরিবেশ বজায় রাখতে তারা বদ্ধপরিকর এবং এই সম্প্রীতি নির্বাচনের পরেও অটুট থাকবে।
সারজিস আলমের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরও একই সুরে কথা বলেন। তিনি বলেন, আমাদের মধ্যে আদর্শিক ভিন্নতা থাকলেও আমরা বাংলাদেশ ও পঞ্চগড়ের মানুষের জন্য সমানভাবে কাজ করে যাব। আমরা আশা করি, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে একটি জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে।
এদিন ব্রিফিং শুরুর আগে দুই নেতা কুশল বিনিময় করেন। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দুই প্রধান প্রতিদ্বন্দ্বীর এমন ভ্রাতৃত্বসুলভ আচরণ স্থানীয় ভোটার ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রশংসিত হচ্ছে। পর্যবেক্ষকরা মনে করছেন, এটি কেবল একটি নির্বাচনী লড়াই নয় বরং দেশের ভবিষ্যৎ রাজনীতির এক ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত।
মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে দুই নেতাই নিজ নিজ নেতাকর্মীদের নিয়ে শান্তিপূর্ণভাবে সম্মেলন কক্ষ ত্যাগ করেন।