বেনাপোল সীমান্তে বিজিবির অভিযান, পিস্তল ও গুলি উদ্ধার

যশোরের শার্শা-বেনাপোল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীনস্থ বেনাপোল বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। 

এসময় শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানাধীন গাতিপাড়া গ্রামের একটি পরিত্যক্ত বাড়ির গেট সংলগ্ন গাতিপাড়া-দৌলতপুর সড়কের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ওই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে দু'টি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি। এসব অস্ত্র ও গোলাবারুদের সর্বমোট সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে দুই লাখ ১০ হাজার ৪০০ টাকা। 

উদ্ধার করা অস্ত্র ও গুলি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যে-কোনো ধরনের সহিংসতা প্রতিরোধের লক্ষ্যে নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্র উদ্ধারে সফল হচ্ছে বিজিবি।

তিনি আরও জানান, দেশের নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের অভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।