বগুড়ায় কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালট পেপার ও নির্বাচনী সরঞ্জাম

বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এই নির্বাচন উপলক্ষে আজ বুধবার (১১ ফেব্রয়ারি) রাতের মধ্যেই বগুড়ার সব ভোটকেন্দ্রে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম পৌঁছে যাবে। আগামীকাল সকাল সাড়ে সাতটা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলবে একটানা বিকেল সাড়ে চারটা পর্যন্ত।

এবারের নির্বাচনে ভোটাররা দুটি পৃথক ব্যালট পেপারে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে সংসদ সদস্য নির্বাচনের জন্য থাকবে সাদা রঙের ব্যালট এবং গণভোটের জন্য ব্যবহার করা হবে গোলাপি রঙের ব্যালট।

আজ সকাল থেকেই বগুড়া জেলা নির্বাচন কমিশন অফিসে ব্যস্ততা চোখে পড়ে। সেখানে ব্যালট বাক্স ও ব্যালট পেপারসহ অন্যান্য সরঞ্জাম কেন্দ্রে পাঠানোর জন্য প্রস্তুত করা হয়। প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে এসব সরঞ্জাম বুঝিয়ে দেওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারায় সেগুলো কেন্দ্রে কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে।

জেলা নির্বাচন অফিসের কর্মকর্তারা জানিয়েছেন, একটি সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রগুলোতে পুলিশ, আনসারসহ অন্যান্য বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।