রাজশাহী মহানগরীতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. সাব্বির নামের এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে মহানগরীর শাহ মখদুম থানার পবা রাইসমিল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাব্বির একই এলাকার মো. শাহিন ইসলামের ছেলে।
স্থানীয়দের অভিযোগ, একই এলাকার আমিরুল ইসলামের ছেলে মো. জাসন এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। সম্প্রতি জাসনের মা শিরিন বেগম তার জমি নিহত সাব্বিরের বাবা শাহিনের কাছে বিক্রি করেন। এই জমি কেনার কারণেই শাহিন ও তার পরিবারের ওপর ক্ষুব্ধ ছিলেন জাসন। গতকালও জাসন শাহিনকে মারধর করেন।
তারা জানান, আজ দুপুরে বাড়ির সামনে গিয়ে সাব্বিরকে পেয়ে বুকে ছুরি মেরেই পালিয়ে যান জাসন। ছুরিকাঘাতের পর সাব্বিরকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, সাব্বিরের বুকে গভীর ক্ষত ছিল। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং এ বিষয়ে হত্যা মামলা হবে।
শাহ মখদুম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন গণমাধ্যমকে বলেন, ঘটনার পরে হত্যাকারী পালিয়েছে। আমরা তাকে ধরার চেষ্টা করছি।