বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ১২

বাগেরহাটের রামপালে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।  

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে রামপাল উপজেলায় খুলনা-মোংলা মহাসড়কের বেলাই ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করা যায়নি। 

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল-মামুন দুর্ঘটনায় ১২ জনের নিহতের তথ্য নিশ্চিত করেছেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বাস ও মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই বেশ কয়েকজন যাত্রী নিহত এবং আরও কয়েকজন গুরুতর আহত হন।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।