বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ: হিলিতে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

দিনাজপুরের হাকিমপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপন, প্রতারণা ও ধর্ষণের অভিযোগে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শফিউল ইসলামকে (৩৯) আটক করেছে পুলিশ। শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বর থেকে তাকে আটক করা হয়।

আটক ডা. শফিউল ইসলাম রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার জারুল্যা গ্রামের আতিয়ার রহমানের ছেলে। তিনি বর্তমানে হাকিমপুর উপজেলায় ভেটেরিনারি সার্জন হিসেবে কর্মরত।

ভুক্তভোগী নারীর লিখিত অভিযোগ থেকে জানা যায়, তার অসুস্থ স্বামীর চিকিৎসার সূত্র ধরে ডা. শফিউলের সঙ্গে পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হলে বিয়ের আশ্বাস দিয়ে ওই কর্মকর্তাল তার সরকারি কোয়ার্টারে নিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন।

ভুক্তভোগীর দাবি, শফিউলের চাপেই তিনি গত বছরের ৫ অক্টোবর তার স্বামীকে তালাক দেন। পরবর্তীতে চলতি বছরের ১৮ জানুয়ারি তাদের বিয়ে সম্পন্ন হলেও গত ১০ ফেব্রুয়ারি শফিউল তাকে গোপনে তালাক প্রদান করেন।

অভিযোগে আরও বলা হয়, শুক্রবার সকালে শফিউল ওই নারীকে কৌশলে অফিসে ডেকে নিয়ে পুনরায় বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। এরপরই ভুক্তভোগী নারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

হাকিমপুর থানার ওসি জাকির হোসেন জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত কর্মকর্তাকে আটক করা হয়েছে এবং ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ শনিবার আসামিকে আদালতে হাজির করা হবে।