জয়পুরহাটে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে ১৫ হাজার ৬৮৬ বোতল বাংলাদেশি অবৈধ যৌন উত্তেজক সিরাপ এবং পাঁচ বস্তা নিষিদ্ধ পদ্দাপুর জর্দা জব্দ করা হয়েছে। জব্দ করা এসব মালামালের বাজারমূল্য প্রায় ৫৬ লাখ টাকা।
রোববার (৩ মে) উপজেলার নতুনহাট রোড সংলগ্ন একটি কুরিয়ার সার্ভিসের গোডাউনে অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।
বিজিবি জানায়, অতি সাম্প্রতিক সময়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, জয়পুরহাট জেলার সদর উপজেলার অন্তর্গত নতুনহাট রোড সংলগ্ন করতোয়া কুরিয়ার সার্ভিসের গোডাউনে বাংলাদেশ থেকে সীমান্ত পথ দিয়ে পার্শ্ববর্তী দেশে পাচারের উদ্দেশ্যে অবৈধ যৌন উত্তেজক সিরাপ মজুত রয়েছে। পরবর্তীতে জয়পুরহাট ব্যাটালিয়ন সদর থেকে একটি বিশেষ টহলদল কর্তৃক উল্লেখিত কুরিয়ার সার্ভিসের গোডাউনে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে জয়পুরহাট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আশিক-উর-রহমান এবং র্যাব-৫ এর সিপিসি-৩ এর টহল দল সম্মিলিতভাবে বিশেষ যৌথ তল্লাশি অভিযান পরিচালনা করে।
এ অভিযানে ৫১টি কার্টুনে বিভিন্ন ধরনের অবৈধ যৌন উত্তেজক সিরাপ (১৫,৬৮৬ বোতল) এবং নিষিদ্ধ পদ্দাপুর জর্দা পাঁচ বস্তা (৭,২০০ পিস) উদ্ধার করা হয় যার আনুমানিক সিজার মূল্য ৫৬ লাখ পাঁচ হাজার ৫০০ টাকা।