শত বছরের পুরানো পুকুর খননের সময় মিললো কষ্টিপাথরের দুর্গা মূর্তি

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় শত বছরের পুরাতন একটি পুকুর খননের সময় কষ্টিপাথরের দুর্গা মূর্তি পাওয়া গেছে। 

মঙ্গলবার (১২ মে) বিকেলে উপজেলার বাঙালা ইউনিয়নের চেংটিয়া বড় আইন্দা পুকুরে খননকাজ চলাকালে শ্রমিকরা মূর্তিটি দেখতে পেয়ে উপজেলা প্রশাসনকে খবর দেয়। এ খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে শত শত মানুষ ভিড় জমায়। 

পুকুরের মালিক রুহুল আমীন জানান, ১৬ বিঘা আয়তনের এই প্রাচীন পুকুরে এর আগেও কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি পাওয়া গিয়েছিল। এবার একই পুকুর থেকে দুর্গা মূর্তি উদ্ধার হলো।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম বলেন, শত বছরের পুরাতন পুকুরে কষ্টিপাথরের একটি দুর্গা মূর্তি পাওয়া গেছে। মূর্তিটির ওজন প্রায় ৪০ কেজি হতে পারে। এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।