প্রতিপক্ষকে ফাঁসাতে উল্লাপাড়ায় বৃদ্ধকে খুন: পুলিশ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুগ্ধ সমিতির সাবেক ম্যানেজার আব্দুস সোবহান প্রামানিক হত্যা মামলার আট দিন পর পুলিশের তদন্তে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, প্রতিপক্ষকে ফাঁসানোর উদ্দেশেই এই হত্যাকাণ্ড। 

সোমবার (১৮ মে) রাত ১০টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মুক্তারুজ্জামান।

তিনি জানান, উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দত্তপাড়া এলংজানি গ্রাম থেকে নতুন করে আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে এই মামলায় আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছিলো। সব মিলিয়ে এখন পর্যন্ত আটজন গ্রেপ্তার হলেন। গ্রেপ্তারদের মধ্যে একজন ইতিমধ্যে আদালতে হত্যাকাণ্ডে জড়িত থাকার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

নতুন করে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—দত্তপাড়া এলংজানি গ্রামের জীবন হোসেন, আব্দুল আজিজ, ফারুক হোসেন, ইমরান হোসেন, আব্দুল হালিম ও রুহুল আমিন।

পুলিশের বিবরণ অনুযায়ী, গত ১১ মে রাতে উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দত্তপাড়া এলংজানি গ্রামে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় ছিলেন দুগ্ধ সমিতির সাবেক ম্যানেজার আব্দুস সোবহান প্রামানিক। ওই সময় দুর্বৃত্তরা সিঁধ কেটে ঘরে প্রবেশ করে তাকে কুপিয়ে হত্যা করে। এই বর্বরোচিত হামলায় আব্দুস সোবহানের স্ত্রীও গুরুতর আহত হন। ঘটনাটি ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

ওসি মুক্তারুজ্জামান বলেন, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, প্রতিপক্ষকে ফাঁসানোর উদ্দেশেই এই হত্যাকাণ্ড। তবে মামলার তদন্ত এখনও চলমান রয়েছে। এ ঘটনায় আরও যারা জড়িত আছে, তাদের সনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।