মাদারীপুরে ঐতিহ্যবাহী কাবাডি খেলা ঘিরে উৎসবের আমেজ

গ্রামবাংলার ঐতিহ্য, সংস্কৃতি আর ক্রীড়া চর্চার এক অনন্য মিলনমেলায় পরিণত হয় মাদারীপুরের ছিলারচর। ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী হাডুডু (কাবাডি) প্রতিযোগিতা। জাতীয় দলের খেলোয়াড়সহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত দক্ষ খেলোয়াড়দের অংশগ্রহণে জমে ওঠে প্রতিযোগিতা, যা উপভোগ করতে মাঠে ভিড় করেন হাজারো দর্শক। 

রোববার (৩১ মে) বিকেলে মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের চৌধুরী হাট এলাকায় ছিলারচর একতা মানব সেবা সংগঠনের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। দীর্ঘদিন পর এমন আয়োজনকে ঘিরে স্থানীয়দের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। 

এদিন বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে খেলার মাঠ পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়। দর্শকদের করতালি, উচ্ছ্বাস এবং খেলোয়াড়দের দারুণ নৈপুণ্যে প্রতিযোগিতা হয়ে ওঠে উপভোগ্য। 


আয়োজকদের দাবি, প্রায় পাঁচ হাজারেরও বেশি মানুষ মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেছেন। শিশু, কিশোর, যুবক ও প্রবীণ—সব বয়সী মানুষের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

আজ ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় একতা কিং ও চৌধুরী হাট প্রবাসী রাইডার্স। টানটান উত্তেজনাপূর্ণ লড়াই শেষে একতা কিং ২-১ সেটে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ম্যাচজুড়ে উভয় দলের খেলোয়াড়রা আক্রমণ-পাল্টা আক্রমণে দর্শকদের মুগ্ধ করেন।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। চ্যাম্পিয়ন দলকে ৪৩ ইঞ্চি এলইডি টেলিভিশন এবং রানার্সআপ দলকে ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশনের পাশাপাশি নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়। 

ছিলারচর একতা মানব সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ইমরান হাওলাদার জানান, গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা, যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখা এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই এ আয়োজন। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ক্রীড়াভিত্তিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে শাজাহান চৌধুরীর সভাপতিত্ব আরো উপস্থিত ছিলেন মাদারীপুর সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এডভোকেট মাসুদ পারভেজ, সংগঠনের উপদেষ্টা মন্ডলির সদস্য লিটিন মোড়ল,জয়নাল মোড়ল,কবির মোড়ল,হেমায়েত চৌধুরী, আতিকুর রহমান মোড়ল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।