মাদকের খোঁজে গিয়ে মিললো পাঁচ আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার পাঁচ

রাজবাড়ীতে মাদক কেনাবেচার তথ্য পেয়ে অভিযান চালাতে গিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‌্যাব। এ সময় বিভিন্ন মামলার আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) বিকেলে ফরিদপুরে র‌্যাব-১০ ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদা।

তিনি জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালায় র‌্যাব। অভিযানে কৈডাঙ্গা এলাকার বাসিন্দা আলম সরদার ও মো. বাহাদুর বিশ্বাসের বাড়ি থেকে একটি ব্রিটিশ কাটা রাইফেল, একটি একনলা বন্দুক এবং তিনটি দেশীয় তৈরি ওয়ান শুটার উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— রাজবাড়ী সদর উপজেলার কৈডালা গ্রামের আলম সরদার (৪০), ডাউকি গ্রামের মো. ইব্রাহিম শেখ (৪৪), কৈডাঙ্গা গ্রামের মো. বাহাদুর বিশ্বাস (৫৮), মধ্যপাড়া গ্রামের মো. ফয়সাল চৌধুরী ওরফে ফরিদ (৩৭) এবং মালিয়াট গ্রামের রাজু আহমেদ টোকন।

র‌্যাব জানায়, গ্রেপ্তারদের মধ্যে ইব্রাহিম শেখের বিরুদ্ধে একটি অস্ত্র মামলা রয়েছে। ফয়সাল চৌধুরী ওরফে ফরিদের বিরুদ্ধে রয়েছে একটি অস্ত্র ও একটি চাঁদাবাজির মামলা। এছাড়া রাজু আহমেদ টোকনের বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজি, ডাকাতির প্রস্তুতি ও ডাকাতির অভিযোগে একাধিক মামলা রয়েছে।