কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া র‍্যাবের অভিযানে গ্রেপ্তার

নেত্রকোনায় একটি ধর্ষণ মামলার প্রধান আসামি ও পলাতক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে গ্রেপ্তারের পর নেত্রকোণা মডেল থানায় হস্তান্তর করেছে র‍্যাব-১৪। 

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে চারটার দিকে তাকে থানায় আনা হয়। আইনানুগ প্রক্রিয়া শেষে শনিবার তাকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান, গৌরীপুর থেকে আটকের পর র‍্যাব তাকে থানায় হস্তান্তর করেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আগামীকাল আদালতে পাঠানো হবে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দিনগত রাত ১২টা ৫ মিনিটে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মহিষারন-অচিন্তপুর এলাকায় অভিযান চালিয়ে রিপন মিয়াকে গ্রেপ্তার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি অভিযানিক দল তাকে আটক করে।

মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী ১৫ বছর বয়সী এক কিশোরী এবং অভিযুক্ত রিপন একই এলাকার বাসিন্দা। 

অভিযোগ রয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করার প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে কুপ্রস্তাব দিতেন রিপন। গত ৩০ জুলাই রাতে জরুরি কথা বলার কথা বলে মগড়া নদীর উত্তর পাড়ে ওই কিশোরীকে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন রিপন।

এ ঘটনায় গত ৫ আগস্ট ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নেত্রকোণা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এরপর থেকেই অভিযুক্তকে গ্রেপ্তারে ছায়া তদন্ত ও নজরদারি চালায় র‍্যাব। পরে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।