চট্টগ্রামের পটিয়া থেকে পরিবারসহ উদ্ধার হওয়ার পর প্রতারণার মামলায় গ্রেপ্তার করা হয়েছে চাঁদপুরের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে।
শনিবার (২৯ আগস্ট) রাসেল নামে এক ভুক্তভোগীর দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ। পরে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়।
পুলিশ জানায়, বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে পিন্টু দাসের বিরুদ্ধে। এরই মধ্যে এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে মামলা করা হয়। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে গত ২০ আগস্ট থেকে স্ত্রী রিমি দাস ও দুই সন্তানসহ নিখোঁজ ছিলেন পিন্টু দাস। দীর্ঘদিন তার কোনো সন্ধান না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন স্বজন ও পরিচিতরা। একই সময়ে বন্ধ ছিল তার স্বর্ণের দোকান ও বাসা।
পাওনাদারদের চাপ এবং বন্ধকি স্বর্ণ ফেরত দিতে না পারার বিষয়টি সামনে এলে ঘটনাটি নিয়ে চাঁদপুরজুড়ে তৈরি হয় নানা আলোচনা। পরে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের পটিয়া এলাকায় অভিযান চালিয়ে পিন্টু দাসকে স্ত্রী ও দুই সন্তানসহ উদ্ধার করে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।
পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় তাদের ছেড়ে দেওয়া হলেও প্রতারণার মামলায় গ্রেপ্তার দেখানো হয় পিন্টু দাসকে। পরে আদালতের নির্দেশে তাকে পাঠানো হয় জেলহাজতে।