মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) গভীর রাতে সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোল্লাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইতালি প্রবাসী রাজ্জাক মোল্লার পরিত্যক্ত বাড়িতে গোপনে বোমা তৈরির কাজ চলছিল। বোমা তৈরির একপর্যায়ে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান, বিস্ফোরণের সময় ওই বাড়িতে থাকা অন্তত চারজন আহত হন। আহতদের মধ্যে সিদ্দিক, আহাদ গাজী, নয়ন গাজী ও রাব্বী আকনের নাম জানা গেছে।
বিস্ফোরণের পর আহতরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সালাউদ্দিন গাজীকে আটক করে। তিনি একই এলাকার মফিজ গাজীর ছেলে।
মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।