সান্তাহারে কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, চলছে উদ্ধার কাজ

বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনার পরপরই শুরু হয়েছে উদ্ধার ও লাইন মেরামতের কাজ। 

সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস সান্তাহার জংশনে পৌঁছালে হঠাৎ ট্রেনটির পেছনের দিকের একটি বগি লাইনচ্যুত হয়। বিকট শব্দে বগিটি লাইন ছেড়ে বেরিয়ে গেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সান্তাহার জংশন কর্তৃপক্ষ, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। শুরু হয় উদ্ধার কার্যক্রম।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, পাকশী থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছানোর পর দ্রুত লাইন পরিষ্কার করা হবে। এরপর স্বাভাবিক হবে ট্রেন চলাচল।

সান্তাহার রেলওয়ে স্টেশন মাস্টার খাতিজা খানম জানান, কুড়িগ্রাম এক্সপ্রেসের লাগেজ ভ্যানের একটি বগি লাইনচ্যুত হয়েছে। লাইন মেরামতের কাজ চলছে। কাজ শেষ হলে যে কোনো সময় ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে।