আসন্ন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ইচ্ছুক সরকারি কর্মকর্তা-কর্মচারী ও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের নিবন্ধন কার্যক্রম আগামী রোববার (২৭ সেপ্টেম্বর) থেকে শুরু হবে। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, এ নিবন্ধন কার্যক্রম চলবে ৮ অক্টোবর পর্যন্ত।
বুধবার (২৩ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. আব্দুল মমিন সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটদানে ইচ্ছুক সরকারি কর্মকর্তা-কর্মচারী ও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছে।
এর আগে গত ১২ সেপ্টেম্বর প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানিয়েছিলেন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট দিতে ইচ্ছুক প্রবাসী ভোটারা ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে ১২ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন করতে পারবেন।
অপরদিকে দেশের অভ্যন্তরে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোট’ (আইসিপিভি) ক্যাটাগরিতে আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবরের মধ্যে নিবন্ধন করতে পারবেন।