চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ হেরোইনসহ যুবক গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুরে অভিযান চালিয়ে এক কেজি ৮২৬ গ্রাম হেরোইনসহ মো. হানিফ (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)। 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে এসআরবি-৫ এর মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এবং এসআরবি সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহায়তায় গত বুধবার রাতে তেররশিয়া শাহাজান বিশ্বাসের টোলা এলাকায় একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। 

এ সময় গ্রেপ্তার ব্যক্তির বসতবাড়ির নির্মাণাধীন বাথরুমের ভেতর প্লাস্টিকের ক্যারেটে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১.৮২৬ কেজি হেরোইন উদ্ধার করা হয় এবং এ সময় হানিফকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

উদ্ধার করা আলামত ও গ্রেপ্তার ব্যক্তিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।