চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার পদ্মা নদীর দুর্গম চরাঞ্চলের একটি বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বাড়ির টিনের চালা উড়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে দেয়ালসহ বিভিন্ন অংশ। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে নারায়ণপুর ইউনিয়নের জহুরপুর নরোশিয়া গ্রামের ওই বাড়িতে পরপর কয়েকটি বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের দাবি, জহুরপুর নরোশিয়া গ্রামের ইউনূস আলীর ছেলে ইয়াহিয়ার বাড়িতে বিপুলসংখ্যক ককটেল মজুত ছিল।
ঘটনার পর বিস্ফোরণের কারণ ও ককটেল মজুদের বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে কতটি ককটেল বিস্ফোরিত হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
স্থানীয়দের কেউ কেউ প্রায় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের কথা বললেও পুলিশ, বিজিবি কিংবা গোয়েন্দা সংস্থা সুনির্দিষ্ট সংখ্যা জানাতে পারেনি। ফলে ককটেলের সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়দের কেউ কেউ দাবি করছেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নাশকতার উদ্দেশ্যে এসব ককটেল মজুত করা হয়ে থাকতে পারে।
অপর একটি সূত্রের দাবি, ভারতের সীমান্তবর্তী এলাকা হওয়ায় দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিতে সরবরাহের জন্য এসব ককটেল মজুত করা হয়ে থাকতে পারে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ককটেলগুলো কীভাবে সেখানে এলো এবং কারা এর সঙ্গে জড়িত, তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমান জানান, বিস্ফোরণের পর বিজিবির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে ঘটনাস্থলে বিজিবি সদস্য মোতায়েন রয়েছে।
তিনি জানান, জহুরপুর ক্যাম্প থেকে প্রায় তিন কিলোমিটার দূরে নরোশিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। বিস্ফোরণে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বর্তমানে এলাকার পরিবেশ স্বাভাবিক রয়েছে।