বিয়ের পর সংসার টেকেনি। জড়িয়েছেন মামলা-মোকদ্দমায়। এরইমাঝে নতুন প্রেমে স্বপ্ন দেখেন জীবন সাজাবার। কিন্তু পাঁচ সন্তানের জনকের থেকে প্রেমের স্বীকৃতি মেলাও কি সহজ! স্বীকৃতির জন্য শেষ পর্যন্ত তাই শরীরে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক নারী।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় স্বামী পরিত্যক্তা এক নারী (২৭) প্রেমের স্বীকৃতিতে এই ঘটনা ঘটান।
ওইদিন দুপুরে উপজেলার সান্দিকোনা ইউনিয়নে আটিগ্রামে দিলু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। আত্মহত্যার চেষ্টা করা ওই নারীও একই ইউনিয়নের ছেংজানা গ্রামের বাসিন্দা।
পেট্রালের আগুনে নারীর মুখমণ্ডল ও দুই হাতসহ শরীরের ৩০ শতাংশের বেশি পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক।
স্থানীয়সূত্রে জানা যায়, আহত ওই নারী এর আগে একাধিক বিয়ে করেন। সর্বশেষ সংসারে দাম্পত্যকলহের ঘটনায় তা মিমাংসায় শেষ পর্যন্ত আদালত পাড়ায় মামলা মোকদ্দমায় গড়ায়।
এই মামলায় সহায়তা করতে গিয়ে আটিগ্রামের দিলু মিয়ার (দেলোয়ার) সঙ্গে প্রেমের সম্পর্ক জড়িয়ে পড়েন নারী। এদিকে দিলু মিয়া ইতিমধ্যে পাঁচ সন্তানের জনক।
আরও পড়ুন: মায়ের বিদেশ যাওয়ার খবর শুনে শিশু সাদিয়ার আত্মহত্যা
সম্প্রতি একটি হত্যা মামলায় আসামি হয়ে পলাতক হন দিলু মিয়া। এরপর জামিনে কেন্দুয়ার আটিগ্রামে নিজ বাড়িতে ফেরেন তিনি। খবর পেয়ে ওই নারীও বুধবার রাতে চট্টগ্রাম থেকে তার নিজ বাড়িতে ফিরে আসেন। নারীটি চট্টগ্রামে একটি পোশাক কারখানায় চাকরি শুরু করেছিলেন। এরপর বৃহস্পতিবার দুপুরে উপস্থিত হন দিলু মিয়ার বাড়িতে।
দিলু মিয়ার বাড়ির উপস্থিত হয়েই উঠানে দাঁড়িয়ে নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন সেই নারী। বাড়ির লোকজন তৎক্ষণাৎ আগুন নিভিয়ে তাকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) সৈয়দ আব্দুল্লাহ গালিব জোবায়ের জানান, ওই নারীর মুখমণ্ডল, দুই হাতসহ শরীরের অন্তত ৩০ শতাংশ পুড়ে গেছে।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ বলেন, ভিকটিমের সঙ্গে হাসপাতালে কথা হয়েছে। দিলু মিয়ার সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি তাদের সম্পর্কের অবনতি ঘটায় প্রেমের স্বীকৃতি আদায়ের জন্য এই কাণ্ড ঘটিয়েছে ওই নারী।
এ ব্যাপারে মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
একাত্তর/আরএইচ