ভোলায় মধ্যরাতে যাত্রীবাহী বাসে আগুন

ভোলার চরফ্যাশনে একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

চরফ্যাশন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

চরফ্যাশন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানিয়েছেন, বাসে এ অগ্নিকাণ্ডের ঘটনায় কোন হতাহত হয়নি।

ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়রা জানায়, চরফ্যাশন-চট্টগ্রাম রুটে চলাচলকারী যমুনা পরিবহন নামের একটি বাস নতুন বাস টার্মিনাল সংলগ্ন সড়কের পাশে রেখে শ্রমিকরা ঘুমাতে যায়। এ সুযোগে রাত ১২টার দিকে দুর্বৃত্তরা ওই বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে চরফ্যাশন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট অন্তত ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কে বা কারা বাসে আগুন দিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন জানান, দুর্বৃত্তদের বাসে আগুন দেয়ার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে। বিষয়টির তদন্ত করে দোষীদেরকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলেও জানান ওসি।