প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় জেলেদের প্রণোদনা হিসেবে ভোলার চর চরফ্যাশন উপজেলায় নিবন্ধিত ২১ জেলের মধ্যে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে চরফ্যাশন উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে প্রান্তিক জেলেদের মধ্যে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে বকনা বাছুর বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলেদের হাতে বাছুর তুলে দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সেলিম উদ্দিন।
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরিন হকের সভাপতিত্বে প্রধান অতিথি বলেন, প্রান্তিক জেলেদের বিকল্প কর্মসংস্থান হিসেবে উপহারস্বরূপ উপজেলায় ২১ জেলের মধ্যে গরুর বকনা বাছুর বিতরণ করা হলো।
তিনি বলেন, জেলার নিবন্ধিত এক লাখ ৫৬ হাজার জেলের মধ্যে প্রকল্পের আওতায় পর্যায়ক্রমে বিকল্প কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ অব্যাহত রয়েছে।
এসময় এছাড়া ছয় জেলে পরিবারকে ৫০ হাজার টাকা অনুদানের চেক বিতরণ করা হয়। এরই ধারাবাহিকতায় উপজেলার বাকি সুবিধাভোগী জেলেদের এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে বলে জানান সচিব সেলিম।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. আলমগীর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. হেমায়েত উদ্দিন, মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক (বরিশাল বিভাগ) নৃপেন্দ্র নাথ বিশ্বাস, চরফ্যাশন উপজেলার চেয়ারম্যান জয়নাল আবেদিন আকঁন, প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্লাহ,ভোলা জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।