মাদারীপুরে হাতবোমা তৈরি করতে গিয়ে বিস্ফোরণে ঘটনাস্থলেই একজন নিহত ও আরও দুইজন আহত হয়েছেন। বুধবার দুপুরে জেলার কালকিনি উপজেলার সিডিখান ইউনিয়নের নতুন চরদৌলতখান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোদাচ্ছের সিকদার (৫০) বরিশাল জেলার মুলাদী থানার টুমচর এলাকার মোসলেম সিকদারের ছেলে। আহত হারুন ঢালী ও দাদন ঢালীকে কোথায় চিকিৎসা দেয়া হচ্ছে সেই তথ্য নিশ্চিত করা যায়নি।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সিডিখান এলাকার ইউনুস সরদারের বাড়ীর পাশে একটি বিকট শব্দ শুনতে পেয়ে এলাকাবাসী ছুটে এসে শরীরের বিভিন্ন স্থানে পুড়ে যাওয়া অবস্থায় দেখতে পায় মোদাচ্ছেরকে এবং তাকে প্রাথমিক চিকিৎসা দেয়ার চেষ্টা করে দেখা যায় তিনি মারা গেছেন। এরপর নিহতের পরিবার তার মরদেহ বরিশালে নিয়ে যাওয়ার চেষ্টাকালে মাদারীপুর পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। কিন্তু পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই আহত ব্যক্তিরা ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আলাউল হাসান জানান, তারা বিস্ফোরণের বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাননি। তবে গ্রামের পাশেই নদীর পাড় থেকে নিহত মোদাচ্ছেরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আহতদের কাউকে পাওয়া যায়নি, তবে তাদের খোঁজে অভিযান চলছে।
তদন্ত সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।