সড়ক তো নয় যেন চাষের জমি!

দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেহাল হয়ে আছে ভোলা পৌরসভার বেশির ভাগ সড়ক। খানা খন্দে ভরা এসব সড়কগুলো এখন ব্যবহার অযোগ্য হয়ে পড়েছে। আর সামান্য বৃষ্টিতে পানি জমে সড়কে চলতে গিয়ে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। এ অবস্থায় দ্রুত সড়কগুলো মেরামতের দাবি জানিয়েছেন পৌরবাসী।

৩১ দশমিক ৪৮ বর্গকিলোমিটার আয়তন নিয়ে গঠিত ভোলা পৌরসভার ১২০ কিলোটার সড়কের সংস্কার হয়নি দীর্ঘদিন। যে কারণে দুর্ভোগ পিছু ছাড়ছে না এখানকার বাসিন্দাদের।

পৌরবাসী জানান, ব্যস্ততম এসব সড়কের বিভিন্ন স্থানে ছোট বড় গর্ত তৈরি হয়ে যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বিশেষ করে স্টেডিয়াম সড়ক, কালীবাড়ি সড়ক, ওয়েস্টার্ন পাড়া থেকে মুসলিম পাড়া, দরগাহ রোড থেকে মাদ্রাসা বাজারসহ বেশিরভাগ জায়গার মানুষ বেশি দুর্ভোগে।

bhola1

সড়কগুলোর কোথাও সামান্য ভাঙা কোথাও পুরো অংশ। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। আবার সামান্য বৃষ্টিতে পানি জমে দুর্ভোগে পড়েন শিক্ষার্থী, পথচারীসহ যানবাহন চালকরা।

বেহাল সড়কের কথা স্বীকার করে পৌরসভার নির্বাহী প্রকৌশলী জসীম উদ্দিন আরজু জানান, কিছু সড়ক সংস্কারের কাজ চলছে। বাকিগুলোর জন্য প্রকল্প অনুমোদন চাওয়া হয়েছে।

পৌরসভায় বসবাসরত ৬২ হাজার মানুষের ভোগান্তি দূর করতে সড়কগুলো দ্রুত সংস্কারের দাবি জানিয়েছে ভোলার পৌরবাসী।