পটুয়াখালীতে ঈদ উপলক্ষে ফুটবল খেলতে যাওয়ার সময় ট্রলার ডুবে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা।
বুধবার (২ এপ্রিল) সকাল আটটার দিকে জেলার গলাচিপা উপজেলার বুড়াগৌরাঙ্গ নদীর শাখা খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের নাম জামাল শরীফ (২৫)। তিনি রতনদী তালতলী ইউনিয়নের দক্ষিণ নিজ হাওলা গ্রামের মো. কালাম শরীফের ছেলে।
এর আগে মঙ্গলবার (১ এপ্রিল) বিকেল পাঁচটার দিকে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের পাতাবুনিয়া গ্রামের কাছাকাছি নদীতে ট্রলার ডুবির ঘটনা ঘটে।
ট্রলারে থাকা মনির সিকদার, রুবেল ও রনি জানান, ঈদ উপলক্ষে পাতাবুনিয়ার একদল যুবক পাশের দশমিনা উপজেলায় এক প্রীতি ফুটবল ম্যাচ খেলার উদ্দেশ্যে রওনা দেয়। যাওয়ার সময় ঝড়ে পানি ঢুকে ট্রলারটি ডুবে যায়। এসময় ২০-২৫ জন যাত্রী সাঁতরে তীরে উঠলেও জামাল নিখোঁজ হন।
এদিকে ট্রলার ডুবির পর স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করলেও নদীর স্রোত ও গভীরতা এবং রাত হয়ে যাওয়ায় উদ্ধার কাজ ব্যাহত হয়। বুধবার সকালে তার মরদেহ মেলে।
গলাচিপা থানার তদন্ত কর্মকর্তা জিলন সিকদার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।