ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটগ্রহণে দায়িত্বরত কর্মকর্তাদের নির্ভয়ে দায়িত্ব পালনের আহবান জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। এবার আরপিওতে সংশোধন আনা হয়েছে উল্লেখ করে তিনি জানান, রিটার্নিং কর্মকর্তারা চাইলে দায়িত্বরত আসন ও প্রিজাইডিং কর্মকর্তা চাইলে কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করতে পারবেন।
শনিবার (১ নভেম্বর) সকালে পটুয়াখালীর কুয়াকাটায় ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় তিনি এসব তথ্য জানান।
কর্মশালায় পটুয়াখালী জেলার আট উপজেলার নির্বাচন কমিশন কর্মকর্তা ও সরকারি বিভিন্ন দপ্তরের ৬০ জন কর্মকর্তা অংশ নের।
এসময় ইসি আনোয়ারুল বলেন, সরকার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নির্বাচন করতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। এজন্য সরকার বদ্ধ পরিকর।
বরিশাল অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার ও নির্বাচন কমিশন সচিবালয়ের উপপ্রধান মুহাম্মদ মোস্তফা হাসান।