পটুয়াখালী-৪: ধানের শীষে সমর্থন দিয়ে সরে গেলো ট্রাক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ মুহূর্তে এসে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে বিএনপির প্রার্থী  দলটির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন গণঅধিকার পরিষদের প্রার্থী রবিউল হাসান। ট্রাক প্রতীকের এই প্রার্থী ধানের শীষের পক্ষে কাজ করার একাত্মও প্রকাশ করেন। 

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে কলাপাড়া প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তিনি এ ঘোষণা দিয়েছেন। 

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে রবিউল হাসান বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার নিশ্চিত করতে বিএনপি এবং গণঅধিকার পরিষদ রাজপথে আন্দোলন করছে। তাই পটুয়াখালী-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে তাদের সব সাংগঠনিক শক্তি ও সমর্থক নিয়ে কাজ করবেন। 

বিএনপির প্রার্থী এবিএম মোশাররফ হোসেনবলেন, এই নির্বাচনে বাংলাদেশের গণতন্ত্র, স্থিতিশীলতা এবং আগামীতে সুন্দর দেশ গড়ার জন্য জাতীয়তাবাদী শক্তির ঐক্য দরকার। আমি মনে করি গণঅধিকার পরিষদের রবিউল হাসানের ধানের শীষে সমর্থন দেয়া তারই একটি দৃঢ় পদক্ষেপ।

সাংবাদিক সম্মেলনে কলাপাড়া উপজেলা বিএনপি সভাপতি হাজী হুমায়ুন সিকদার,  সহসভাপতি জাফরুজ্জামান খোকন, পৌর বিএনপি সভাপতি গাজী মোহাম্মদ ফারুক,  সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, গণঅধিকার পরিষদ ও উপজেলা বিএনপির শীর্ষ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।