চাঁদপুরে খাটের নিচে মিললো ২২ হাজার ইয়াবা, আগেই সটকে পড়লো কারবারি

চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ২২ হাজার ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে আগেভাগেই সটকে পড়ায় জড়িত মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়নি। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের নুরুল্লাপুর এলাকায় মতলব-বাবুরহাট-পেন্নাই সড়কের পাশে আবুল হাশেমের ভাড়া বাসায় অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি ২০ লাখ টাকা বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান জানান, গোপন খবরে ওই ভবনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় অভিযুক্ত মাদক কারবারি ফারহান রানার ঘরের খাটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে একই ঘরে রাখা একটি মোটরসাইকেলের ভেতরে তল্লাশি চালিয়ে আরও ১২০ পিস ইয়াবা জব্দ করা হয়।

তিনি আরও জানান, প্রশাসনের উপস্থিতি ও অভিযানের বিষয়টি আগেই টের পেয়ে মূলহোতা ফারহান রানা পালিয়ে যেতে সক্ষম হয়। তবে তাকেসহ তার সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চাঁদপুর সদর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।