প্রধানমন্ত্রীর কাছ থেকে শ্রেষ্ঠ গ্রাম পুলিশের সম্মাননা পেলেন গলাচিপার শংকর

পেশাগত দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ ‘গ্রাম পুলিশ মহাসমাবেশ-২০২৬’ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে শ্রেষ্ঠ গ্রাম পুলিশ হিসেবে সম্মাননা সনদ গ্রহণ করেছেন পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের গ্রাম পুলিশ (মহল্লাদার) শংকর হাওলাদার।

দীর্ঘদিন ধরে তিনি গ্রাম পুলিশ হিসেবে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে আসছেন। নিয়মিত থানার চৌকিদার প্যারেডে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন সময় আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন তিনি। এছাড়া রাজনৈতিক সভা-সমাবেশ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সততা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন শংকর হাওলাদার।

স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিবিড় সমন্বয়ের পাশাপাশি জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমেও রয়েছে তার অনন্য অবদান। তাঁর কর্মতৎপরতার ফলে ২০২৬ সালের জুলাই মাসে জন্ম ও মৃত্যু নিবন্ধন (০-১ বছর) কার্যক্রমে রতনদী তালতলী ইউনিয়ন দেশজুড়ে প্রথম স্থান অর্জন করে। সে সময় গলাচিপা উপজেলা দেশসেরা হওয়ার গৌরব অর্জন করায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছিলো।

মাঠপর্যায়ে সরকারি বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন, জনসেবা এবং আইনশৃঙ্খলা রক্ষায় তার এই স্বীকৃতিতে স্থানীয় জনপ্রতিনিধি, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে বইছে আনন্দের বন্যা। সংশ্লিষ্টরা মনে করছেন, শংকর হাওলাদারের এই অর্জন অন্যান্য গ্রাম পুলিশ সদস্যদের জন্যও একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।