বরগুনায় নাশকতা, ককটেল বিস্ফোরণ, যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৩১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) রাত থেকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিভিন্ন সময় জেলার পাঁচটি উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশের বিশেষ শাখার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান বলেন, নাশকতার পরিকল্পনা ও কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে গত রাত থেকে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৩১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আমতলী থেকে ১২ জন, বেতাগী থেকে ১০ জন, পাথরঘাটা থেকে ছয়জন, বরগুনা সদর থেকে দুইজন এবং বামনা থেকে একজন রয়েছেন।
পুলিশ জানায়, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে বৃহস্পতিবার সারাদেশে লকডাউন কর্মসূচি ঘোষণা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এই কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যায় বরগুনা পৌর শহরে মশালমিছিল বের করা হয়। পরে জেলার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঢাকা-কুয়াকাটা মহাসড়কের আমতলীর শাখারিয়া এলাকায় যাত্রীবাহী বাসসহ একাধিক যানবাহন ভাঙচুর করা হয়। এছাড়া বিভিন্ন সড়কে গাছ ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করা হয়।
একই রাতে জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মশিউর রহমান শিহাবের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ আবু সাহদৎ মো. হাচনাইন পারভেজ জানান, পৌর শহরের মাছ বাজার এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হননি। এছাড়া এক আওয়ামী লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটলে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি প্রতিহত করতে বুধবার রাতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা জেলার বিভিন্ন সড়কে মোটরসাইকেল নিয়ে শোডাউন করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।