বরগুনায় এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ওই ঘটনার প্রায় ১৩ বছর পর বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. মোস্তফা শাহরিয়ার খান এই রায় ঘোষণা করেন।
দণ্ডিত তিন আসামি হলেন- বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের গোড়াপদ্দা এলাকার নান্না, শিয়ালীয়া এলাকার মো. জাফর এবং ছোট তালতলী এলাকার কবির।
মামলার নথির বরাতে জানা যায়, ভুক্তভোগী ওই কিশোরী শিয়ালীয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। স্কুলে যাতায়াতের পথে আসামিরা তাকে প্রায়ই উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিতেন। এর জেরে ২০১৩ সালের ২৮ জানুয়ারি পাশের বাড়ির একটি বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে আসামিরা তাকে পাশের একটি কলাবাগানে তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন। এ ঘটনায় ভুক্তভোগী নিজেই বাদি হয়ে বরগুনা থানায় মামলা করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তিন আসামিকে দোষী সাব্যস্ত করে।
রায়ের পর্যবেক্ষণে বিচারক উল্লেখ করেন, মামলা দায়েরের পর দীর্ঘ ১৩ বছর অতিবাহিত হয়েছে এবং এ সময়ে আসামিরা দীর্ঘদিন হাজতবাস করেছেন। তাদের বিরুদ্ধে পূর্বে কোনো মামলা না থাকা এবং বর্তমান বয়স বিবেচনায় মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো।
আদালত রায়ে আরও নির্দেশ দেন, আসামিদের কাছ থেকে আদায় করা জরিমানার অর্থ ভুক্তভোগীকে ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে। আসামিরা জরিমানার টাকা পরিশোধ না করলে তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক ও নিলামে বিক্রি করে সেই অর্থ আদায়ের জন্য বরগুনার জেলা কালেক্টরকে নির্দেশ দেওয়া হয়েছে।
