চাঁদপুরের পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল ও দুটি গুলিসহ চাচা-ভাতিজাকে গ্রেপ্তার করা হয়েছে। চেকপোস্টে এক তরুণের মুঠোফোনের গ্যালারিতে পিস্তলের ছবি দেখে পুলিশের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে এ অভিযান চালানো হয়।
বুধবার (২৫ নভেম্বর) ভোর ছয়টার দিকে জেলার কচুয়া উপজেলার পৌর শহরের আট নম্বর ওয়ার্ডের কড়ইশ গ্রামের প্রধানিয়া বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- কচুয়া পৌরসভার কড়ইশ গ্রামের নাহিদ হোসেন (২৭) এবং একই গ্রামের মো. আরাফাত (২১)। সম্পর্কে তারা চাচা-ভাতিজা।
পুলিশ জানায়, মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে চাঁদপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডের গনি স্কুলের পেছনে কুড়ালিয়া এলাকায় তল্লাশিচৌকি বসায় চাঁদপুর সদর মডেল থানা-পুলিশ। উপপরিদর্শক (এসআই) কালাম গাজী ও সহকারী উপপরিদর্শক (এএসআই) কামরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ওই তল্লাশিচৌকিতে সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় ১০ তরুণকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।
একপর্যায়ে আটক তরুণদের মুঠোফোন যাচাই করতে গিয়ে মো. আরাফাতের ফোনের গ্যালারিতে একটি পিস্তলের ছবি দেখতে পান পুলিশ সদস্যরা। জিজ্ঞাসাবাদে আরাফাত জানান, পিস্তলটি তার চাচা নাহিদ হোসেনের। শখের বশে পিস্তলটি হাতে নিয়ে তিনি ছবি তুলেছিলেন।
আরাফাতের দেওয়া তথ্যের ভিত্তিতে ভোরে এসআই কালাম গাজীর নেতৃত্বে চাঁদপুর সদর মডেল থানা-পুলিশের একটি দল কচুয়া থানা-পুলিশের সহায়তায় কড়ইশ গ্রামের প্রধানিয়া বাড়িতে অভিযান চালায়। এ সময় নাহিদ হোসেনের বসতঘরের খাটের ড্রয়ার থেকে একটি বিদেশি পিস্তল ও দুটি গুলি উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া এসআই কালাম গাজী জানান, অস্ত্র উদ্ধার করে দুইজনকে থানায় নেওয়া হয়েছে। এ ছাড়া তল্লাশিচৌকিতে আটক অপর ৯ তরুণও থানা হেফাজতে রয়েছেন।
চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়েজ আহমেদ বলেন, গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।