অধ্যবসায়, ধৈর্য আর অদম্য সাধনার এক উজ্জ্বল দৃষ্টান্ত গড়েছে চাঁদপুরের দুই কোমলমতি শিক্ষার্থী। কচি বয়সেই পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে তারা। মাত্র ৯ মাস ১০ দিন এবং ১৪ মাসের নিরলস সাধনায় এই অসাধারণ কৃতিত্ব দেখানো একই মাদরাসার দুই শিক্ষার্থীর সাফল্যে আনন্দে ভাসছে তাঁদের পরিবার, শিক্ষক ও মাদরাসা সংশ্লিষ্টরা।
শুক্রবার বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন মাদরাসার হিফজ বিভাগের শিক্ষক হাফেজ মো. মোবারক করিম পাটোয়ারী।
অসাধারণ এই কৃতিত্ব অর্জনকারী দুই শিশু হলো মোহাম্মদ হোসাইন আহমদ (১০) ও মোহাম্মদ ইকরাম প্রধানিয়া (১১)। তারা দুজনেই চাঁদপুর শহরের ওয়্যারলেস বাজার এলাকায় অবস্থিত জামিয়া ইসলামিয়া ফজলুল উলুম মাদরাসা ও এতিমখানার হিফজ বিভাগের শিক্ষার্থী।
শিক্ষক ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই দুই শিশুর মধ্যে মোহাম্মদ হোসাইন আহমদ মাত্র ৯ মাস ১০ দিনে পবিত্র কোরআনের সম্পূর্ণ ৩০ পারা মুখস্থ করে নজরকাড়া কৃতিত্ব দেখিয়েছে।
অন্যদিকে, মোহাম্মদ ইকরাম প্রধানিয়া ১৪ মাসের সাধনায় পুরো কোরআন আয়ত্ত করে হাফেজ হওয়ার সৌভাগ্য অর্জন করেছে। হিফজ বিভাগের শিক্ষক হাফেজ মোবারক করিম পাটোয়ারীর সার্বিক তত্ত্বাবধান ও নিবিড় পরিচর্যায় দুই শিশুই এ সাফল্যের সিঁড়ি বেয়ে উঠেছে।
মাদরাসার পরিচালক মাওলানা আল আমিন জানান, কোমলমতি শিক্ষার্থীদের কোরআনের হাফেজ হিসেবে গড়ে তুলতে প্রতিষ্ঠানে অত্যন্ত যত্ন, স্নেহ-মমতা ও আন্তরিকতার সঙ্গে পাঠদান করা হয়।
শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা বিকাশের পাশাপাশি ইলম, আমল ও নৈতিক শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়। তিনি বলেন, শুধু কোরআন হিফজ করানোই নয়, বরং আধুনিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের দেশ ও সমাজের জন্য যোগ্য, দক্ষ এবং আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলাই তাঁদের মূল লক্ষ্য।
ওলামায়ে কেরাম, অভিভাবক এবং স্থানীয়দের সহযোগিতা অব্যাহত থাকলে আগামী দিনেও এমন সাফল্যের ধারা অটুট রাখা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মাদরাসার পরিচালক।
