বরগুনা পৌর শহরের গার্লস স্কুল সড়কে তিন ব্যবসায়ীর বাসার সামনে ডাকাতির হুমকি দিয়ে চিরকুট রেখে যাওয়ার ঘটনা ঘটেছে। চিরকুটে লেখা ছিল, ‘আজকে রাতে এখানে ডাকাতি করা হবে, রেডি থাকবেন।’ চিরকুটের শেষে কার্টুন আকৃতির একটি ছবিও আঁকা ছিলো।
রোববার (২৯ নভেম্বর) বিকেল চারটার দিকে ব্যবসায়ী জুয়েল তালুকদার, অমল কৃষ্ণ তালুকদার ও শংকর তালুকদারের বাসার সামনে এসব চিরকুট পাওয়া যায়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জুয়েল তালুকদার পৌর শহরের স্বর্ণ ব্যবসায়ী। অমল কৃষ্ণ তালুকদার সাবেক জেলা আওয়ামী লীগ নেতা ও চাল ব্যবসায়ী। আর শংকর তালুকদারও একজন বড়ো চাল ব্যবসায়ী।
এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন স্বর্ণ ব্যবসায়ী জুয়েল তালুকদার। তিনি বলেন, চিরকুট পাওয়ার পর বিষয়টি বরগুনা সদর থানা, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও পটুয়াখালী এসআরবি-৮-কে অবহিত করা হয়েছে। সংশ্লিষ্টরা আমাদের নিরাপত্তার বিষয়ে আশ্বাস দিয়েছেন। পাশাপাশি চিরকুট রেখে যাওয়া ব্যক্তিদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন।
চাল ব্যবসায়ী শংকর তালুকদার বলেন, আমার কোনো শত্রু নেই। তারপরও কারা এভাবে চিরকুট দিয়েছে, আমি জানি না। বিষয়টি প্রশাসনকে জানিয়েছি এবং জেলা বিএনপির নেতৃবৃন্দকেও জানিয়েছি। তারা বলেছেন, কোনো সমস্যা নেই।
বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ বলেন, তিন ব্যবসায়ীর বাসার সামনে চিরকুট রেখে যাওয়ার বিষয়টি জানতে পেরেছি। কে বা কারা চিরকুটগুলো রেখে গেছে, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ওই বাসাগুলোর নিরাপত্তার বিষয়েও পুলিশ সজাগ রয়েছে।