নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়াতে জেলেদের জীবনমান ও ভাসানচরে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দেখতে জাতিসংঘের সহকারী মহাসচিব ও ইউএনডিপির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক কান্নি উইগনারাজেরে নেতৃত্বে নয় সদস্যের একটি প্রতিনিধিদল পরিদর্শন করেছেন।
রোববার সকাল পৌনে ১০টার সময় প্রতিনিধিদলকে বহনকারী বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টার হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের বিদ্যুৎ অফিসের সামনে অবতরণ করে।
এই প্রতিনিধি দলে ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক নাফিউল হাসান, শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (অতিরিক্ত সচিব) মো. মিজানুর রহমান, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি ষ্টেফান লিলার, ইউএনডিপির প্রতিনিধি কীর্তিজাই পাহাড়ী, কেইটা সুগিমোতো, রাগীব আহসান শামরাত, মো. আব্দুল কাইউম ও মহাপরিচালক মায়ানমার শাখা মিয়া মো. মাইনুল কবির।
এসময় হাতিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন ও উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকিসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত থেকে প্রতিনিধিদলকে স্বাগত জানান।
পরে তারা বুড়িরচরের সেলিমবাজার বেড়িবাঁধের পাশে বসবাসরত জেলে পরিবারের সাথে তাদের জীবনমান নিয়ে কথা বলেন এবং সেখান থেকে বিদ্যুৎ অফিসে ফিরে উপজেলার সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় করেন এবং হাতিয়ার মানুষের জীবনযাত্রার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
পরে বেলা পৌনে ১২টার দিকে প্রতিনিধিদল হেলিকপ্টারে করে ভাসানচরের উদ্দেশ্যে রওয়ানা দেন।