পাহাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদে গিয়ে সংঘর্ষ, ম্যাজিস্ট্রেট আহত

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে পাহাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে প্রশাসনের সাথে সংঘর্ষ হয়েছে অবৈধ বসতি স্থাপনকারীদের। বৃহস্পতিবারের এ সংঘর্ষে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটসহ প্রশাসনের বেশ কয়েকজন কর্মকর্তা আহত হয়েছেন। 

অবশ্য বসতি স্থাপনকারীদের অভিযোগ কোনো আগাম নোটিশ না দিয়েই তাদের উচ্ছেদে নেমেছে প্রশাসন।

চারপাশে পাহাড়, আর এর মাঝখানে কিছু দূর পরপরই তৈরি হয়েছে বসতিসহ নানান স্থাপনা। বৃহস্পতিবার সীতাকুণ্ডের আরেফিন নগরের পাশে জঙ্গল সলিমপুর এলাকায় এসব স্থাপনা উচ্ছেদে নামে প্রশাসন। 

কিন্তু বেশ কিছু বসতি উচ্ছেদের পর, প্রশাসনের সাথে সংঘর্ষে জড়ায় স্থানীয়রা। এসময় ইট পাটকেলের আঘাতে আহত হন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ বেশ কয়েকজন। 

পাহাড়ে বসতি স্থাপনকারীরা জানান উচ্ছেদের আগে আগাম কোন নোটিশ পায়নি তারা। তারা আরও জানান, ছিন্নমূল সংগঠনের নেতাদের কাছে অর্থ দিয়ে বসতি গড়েছেন, উচ্ছেদের কারণে নিঃস্ব হয়ে গেছেন। 

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক জানান, এ এলাকায় সরকারি ১০ একর জায়গার ওপর অবৈধ স্থাপনা ও বসতি নির্মাণ করা হয়েছে । এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।