খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় প্রাইভেটকারে চোলাই মদ পাচারের সময় তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় ১৫০ লিটার চোলাই মদ এবং দুইটি প্রাইভেটকার জব্দ করা হয়।
বৃহস্পতিবার দিনগত রাত তিনটার দিকে সংবাদের ভিত্তিতে অভিযান চালায় এসআই সুমন কান্তি দে। জেলার পুলিশ সুপার মুক্তা ধর অভিযানের নির্দেশনা দেন।
পুলিশ জানায়, গাড়ি দুটো থামিয়ে তল্লাশি করা হয়। এসময় নীল রঙের প্রাইভেটকারের পেছনে মালামাল রাখার বক্স থেকে তিনটি সাদা প্লাস্টিকের বস্তায় ভরা ৩০টি স্যালাইনের প্যাকেটে ৯০ লিটার চোলাই মদ এবং সাদা রঙের গাড়ি থেকে ৩০টি স্যালাইনের প্যাকেটে ৬০ লিটার চোলাই মদ পাওয়া যায়।
আটক ব্যক্তিরা হলেন- রাঙ্গামাটি কাউখালি এলাকার মো. মিজান (২৬), একই উপজেলার আবু তৈয়ব (২৭) এবং চট্টগ্রামের খুলশি থানার রাজীব রবি দাশ (৩০)।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
খাগড়াছড়ি জেলা পুলিশ মাদক রোধে নিয়মিত বিশেষ অভিযান চালাচ্ছে।