নরসিংদীতে পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানগুলো পরিচালিত হয়।
রোববার সকালে নরসিংদী সদর থানার জেলখানার মোড় ও সোমবার সকালে শিবপুর ইটাখোলা এলাকায় এ দুটো অভিযানে চালানো হয়।
অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- কুমিল্লা জেলার বুড়িচং থানার রাজপুর এলাকার আলামিন মিয়া (২৪) এবং কক্সবাজার জেলার উখিয়া থানার তুতুরবিল এলাকার আবুল বাশার (৪৮)।
গ্রেপ্তারের সময় অভিযুক্তদের কাছ থেকে একটি পিকআপ ভ্যান এবং একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
সোমবার দুপুরে সাংবাদিক সম্মেলনে জেলার অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরিফিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে শিবপুরের ইটাখোলা এলাকায় অভিযান চালিয়ে পিকআপ ভ্যান চালক আলামিন মিয়াকে ৩০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে থাকা পিকআপটি জব্দ করে জেলা গোয়েন্দা পুলিশ। এছাড়া তার বিরুদ্ধে ডিএমপি পল্টন থানায় একটি মাদক মামলা রয়েছে।
আরও পড়ুন: দাঁড়িয়ে থাকা ট্রাকে বাইকের ধাক্কা, নিহত এক
অন্যদিকে রোববার গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার জেলখানার মোড় এলাকায় আবুল বাশারকে তিন হাজার ৫শ’ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে থাকা মোটরসাইকেলটি জব্দ করে জেলা গোয়েন্দা পুলিশ।
একাত্তর/আরএ
