মেঘনায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

চাঁদপুরের মেঘনা নদী থেকে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেলে আজকা বাজার নামক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শাকিল হোসেন বেপারী (১৯) উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের বলাশিয়া এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে পুলিশ জানায়, মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা নৌ পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, মঙ্গলবার বিকেল চারটার দিকে পুলিশের নিয়মিত অভিযানে লক্ষ্মীরচর এলাকায় মা ইলিশ নিধনের সময় একটি মাছ ধরার নৌকাকে ধাওয়া দিলে ট্রলারের আট জেলে নদীতে ঝাঁপ দেয়। পরে পুলিশ সাতজনকে আটক করলেও একজন নিখোঁজ হন।

ওসি জানান, শাকিলের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।

নৌ-পুলিশের চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ধারণা করা হচ্ছে নিহত শাকিল নদীতে ঝাঁপ দিতে গিয়ে ট্রলারের পাখার সাথে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পান। পরে ডুবে গিয়ে তার মৃত্যু হয়।