নোয়াখালীর সদর উপজেলায় এক মাদক কারবারির পেট থেকে চার হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার কাদির হানিফ ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের বাদিতলা বাজার থেকে তাকে গ্রেপ্তার করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গ্রেপ্তার মাদক কারবারির নাম মো.অলি উল্লাহ (৫১)। তার বাড়ি উপজেলার কাদির হানিফ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কাঞ্চনপুর গ্রামে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল হামিদ জানান, কাঞ্চনপুর গ্রামের বাদিতলা বাজারে অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে অলি উল্যাহকে আটক করা হয়।
তিনি আরও জানান, অলি উল্লাহ জানিয়েছে তিনি বিশেষ কায়দায় তার পেটের ভিতর ইয়াবা ট্যাবলেট বহন করছেন। পরে জেলা শহরের মা ও শিশু হসপিটালে এক্সরে করার পর চিকিৎসকেরা তার পেটে ইয়াবা থাকার বিষয়ে নিশ্চিত করেন। পরবর্তীতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করিয়ে মাদক কারবারির পেট থেকে চার হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার সকালে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।