বিএনপির ১১ দফা অবরোধ শুরুর আগে ফেনীতে দাঁড়িয়ে থাকা গ্রীণ টাউন সার্ভিসের একটি বাসে আগুন দিয়েছে অবরোধ সমর্থকরা।
সোমবার রাত সাড়ে আটটার দিকে ফেনী শহরের সালাউদ্দিন মোড়ে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও বাসের বেশিরভাগ অংশ পুড়ে গেছে।
বাসের চালক রুবেল জানান, প্রতিদিনের মতো সন্ধ্যায় বাসটি (ঢাকা মেট্রো জ ০৬-০১৩৩) রাস্তার পাশে পার্কিং করে বাড়িতে যান তিনি। ঘণ্টাখানেক পর আশপাশের মানুষের চিৎকারে এসে দেখেন বাসে আগুন জ্বলছে। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।
ফেনী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মজিদ জানান- তারা যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। তবে গাড়ির অধিকাংশ পুড়ে গেছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী জানান, পুলিশ ঘটনাস্থল ঘুরে দেখেছে। অভিযুক্তদের খোঁজা হচ্ছে।
ফেনীতে এ পর্যন্ত বিএনপি-জামায়াতের ডাকা হরতাল ও অবরোধে পাঁচটি গাড়িতে অগ্নিসংযোগ করেছে অবরোধ সমর্থকরা।
গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ভোট হবে ৭ জানুয়ারি। দেশের সিংহভাগ রাজনৈতিক দল ভোটে অংশ নিলেও বিএনপি তফসিল বর্জন করে সরকার পতনের এক দফা দাবিতে নাশকতামূলক কর্মসূচি চালিয়ে যাচ্ছে।
আর বিএনপির কর্মসূচিতে সারাদেশে অসংখ্য যানবাহনে আগুন দেয়া হয়েছে। ২৮ অক্টোবর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত ঢাকাসহ সারাদেশে রোববার পর্যন্ত ২৬৭টি যানবাহনে আগুন দেওয়ার খবর দিয়েছে ফায়ার সার্ভিস।